৭৪ কোটি টাকা ব্যয়ে র্যাব-১৩’র রংপুর সদর দপ্তরের নির্মাণ কাজ এগিয়ে চলছে

রংপুর প্রতিনিধি : প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে র্যাব-১৩’র রংপুর সদর দপ্তরের নির্মাণ কাজ এগিয়ে চলছে। রংপুর গণপূর্ত বিভাগের আওতাধীন নগরীর উত্তম বানিয়াপাড়া এলাকায় ১০ একর জমির উপর নির্মিত ওই ভবনের নির্মাণ কাজ শেষ হবে ২০২১ সালের জুন মাসে। ইতোমধ্যে কাজের ষাট ভাগ শেষ হয়েছে।
এটির নির্মাণ কাজ সম্পন্ন হলে র্যাব-১৩’র কাজ ত্বরান্বিত হবে। রংপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান- গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের দিক নির্দেশনায় ২০১৯ সালের মার্চ মাসে ৭৩ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে র্যাব-১৩ কমপ্লেক্সের কাজ এগিয়ে চলছে। আধুনিক সুযোগ সুবিধাসহ এই কমপ্লেক্সে রয়েছে চার তলা অফিস ভবন, ছয় তলা বিশিষ্ট স্টাফ কোয়াটার, চারতলা ব্যাচেলার অফির্সাস মেস, দ্বিতল অস্ত্রাগার,মালামাল রাখার স্টোর, গ্যারেজ, মসজিদ, সড়ক, ড্রেন, সীমানা প্রচীরসহ বিভিন্ন সুযোগ সুবিধা।
রংপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান জানান- র্যাব-১৩ কমপ্লেক্সে যেসকল ভবন নির্মাণ করা হচ্ছে তা সকলের নজর কাড়বে। এখানকার প্রকৌশলী ও র্যাব কর্মকর্তাদের তত্বাবধানে শ্রমিকেররা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সড়ক থেকে র্যাবের এই কমপ্লেক্সে প্রবেশ করার জন্য ৯৬০ ফুটের একটি কংক্রিটের সড়ক নির্মাণ করা হয়েছে, থাকবে দৃষ্টি নন্দন একটি গেট। যেভাবে কাজ এগিয়ে চলছে তাতে নির্মাণ সংশ্লিষ্টরা আশা করছেন নির্দিষ্ট সময়ের আগে এর নির্মাণ কাজ শেষ হবে।




