আন্তর্জাতিক সংবাদশিরোনাম
অবরোধ তুলে নেয়ার ঘোষণা দিল সৌদি আরব

জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী মিশন জানিয়েছে, ইয়েমেনের ওপর থেকে রিয়াদ এবং তার মিত্রদেশগুলোর আরোপিত অবরোধ খুব শিগগিরি তুলে নেয়া হবে। সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের কারণে ইয়েমেনি জনগণ এরইমধ্যে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
সৌদি অবরোধের ফলে ইয়েমেনের লাখ লাখ লোক ক্ষুধা এবং মৃত্যুর মুখোমুখি বলে জাতিসংঘ এবং ২০টিরও বেশি ত্রাণ সংস্থা কড়া হুঁশিয়ারি দেয়ার পর রিয়াদের পক্ষ থেকে অবরোধ তুলে নেয়ার ঘোষণা এলো।
সোমবার সৌদি মিশন এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদ সমর্থনপুষ্ট ইয়েমেনের সাবেক সরকার নিয়ন্ত্রিত সব বন্দর ২৪ ঘন্টার মধ্যে খুলে দেয়ার প্রস্তুতি চলছে। বন্দরগুলো ইয়েমেনের দক্ষিণ অংশে এডেন, মোচা এবং মোকাল্লা শহরে অবস্থিত। পার্সটুডে।
।




