উপমহাদেশশিরোনাম

৪ পুত্রবধূর কাঁধে চড়ে শ্মশানযাত্রায় শাশুড়ি

উপমহাদেশের বউ-শাশুড়ির সম্পর্ক নিয়ে নানা কথা প্রচলিত। তাদের সম্পর্ক কখনো মধুর, কখনো তিক্ত। তাদের সম্পর্ক ভালো হলেও পাড়া-প্রতিবেশীদের গোপন গুঞ্জন চলে। আবার খারাপ হলে তো কথাই নেই, তাদের নিন্দায় পাড়ায় কান পাতাই কঠিন হয়ে যায়। উপমহাদেশের গৎবাঁধা এই ধারণাকে কাজের মধ্যদিয়ে মিথ্যে প্রমাণিত করলেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের চার গৃহবধূ।
দেশটির বাংলা গণমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানায়, মহারাষ্ট্রের বাসিন্দা ওই চার গৃহবধূর বৃদ্ধা শাশুড়ি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত সোমবার (৯ সেপ্টেম্বর) তার মৃত্যুতে শোকে মূহ্যমান হয়ে পড়েন বৃদ্ধার চার ছেলে। তারা এতোই ভেঙে পড়েন যে, মায়ের শেষযাত্রার আয়োজনও করা হয়ে উঠেনি।
তখন চোখের জল মুছে ওই চার পুত্রের স্ত্রীরা মৃত শাশুড়ির শেষকৃত্যের ব্যবস্থা করতে শুরু করেন। খাট এনে ফুল দিয়ে মালায় সাজিয়ে তাতে তোলা হয় বৃদ্ধার মরদেহ। পাড়া-প্রতিবেশীরাও তখন এগিয়ে আসেন ওই চার গৃহবধূর সাহায্যে। তারা বৃদ্ধার দেহ খাটে তুলতে হাত লাগান।
কিন্তু এরপরই প্রশ্ন দেখা দেয়, সবই তো হলো- এবার কাঁধে করে ওই বৃদ্ধার মরদেহ শ্মশানে নিয়ে যাবেন কে? ছেলেরা সবাই যে তখনো মুষড়ে আছেন শোকে। মায়ের প্রাণহীন দেহ জড়িয়ে ধরে প্রাণপণে কেঁদে চলেছেন তারা।
এবার গৃহবধূরা নিলেন আরো সাহসী সিদ্ধান্ত। তারাই শাশুড়ির মরদেহ কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়ার কথা জানান। প্রথমে সবাই চমকে উঠলেও গৃহবধূদের এমন সিদ্ধান্তে কেউই বাধা দেননি। এরপর কাঁধে খাট নিয়ে শ্মশানের দিকে যান চার গৃহবধূ। এই বিরল দৃশ্য নজর কাড়ে এলাকাবাসীর।
পাড়া-প্রতিবেশী ওই চার পুত্রবধূর প্রশংসায় এখন পঞ্চমুখ। শাশুড়ির প্রতি পুত্রবধূদের এমন দায়িত্বশীল ও ভালোবাসার উদাহরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ুন, এমনই প্রত্যাশা করছেন আত্মীয়-পরিজন-প্রতিবেশীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button