শিক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি শুরু

পরীক্ষার্থী ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন
আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবারের পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৬৪ জন। আর গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ৫৬ হাজার। এবার সারাদেশে মোট ২ হাজার ৮৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।
এ বছর জেএসসিতে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন। তার মধ্যে ছাত্র ৯ লাখ ৭১ হাজার ৩৩৬ জন এবং ছাত্রী ১১ লাখ ১৮ হাজার ৯৪১ জন। অন্যদিকে জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ছাত্র ১ লাখ ৭৩ হাজার ৪২২ জন ও ছাত্রী ২ লাখ ৫ হাজার ১০১ জন রয়েছেন।
দেশের বাইরের নয়টি কেন্দ্রে এবার ৬৫৯ জন জেএসসি পরীক্ষায় অংশ নেবে। এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে নেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে বাধ্যতামূলক পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই, তারা শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। আমরা ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশিত হবে।
সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button