sliderরাজনীতিশিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবি পার্টির অভিনন্দন

পতাকা ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিএনপির মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন,যা দেশের সাংবিধানিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। এ ঐতিহাসিক অর্জন উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ঘটনা, যা জাতির নতুন যাত্রায় আস্থার এক দৃঢ় ভিত্তি রচনা করবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞা নতুন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

নেতৃবৃন্দ একই সাথে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধী দলীয় প্রার্থী কর্ণেল (অব.) অলি আহমদ বীরবিক্রম কেও অশেষ ধন‍্যবাদ জানান। গণতন্ত্রের সৌন্দর্য ও রীতি মেনে একজন সিনিয়র রাজনীতিক হিসেবে তিনি যে সৌজন্য ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশের গণতান্ত্রিক পথচলাকে সুসংহত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এটাই দেশের জনগণের অকুণ্ঠ প্রত্যাশা। একইসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা রক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, রাজনৈতিক বহুত্ববাদের চর্চা ও জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ও দৃঢ় নেতৃত্ব দেবেন বলে আমরা পূর্ণ আস্থা রাখি।

এবি পার্টির নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কারের যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক। আমরা দৃঢ়ভাবে আশা করি, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা, নিরপেক্ষতা ও ঐতিহ্য সমুন্নত রেখে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সম্মান দেখাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সেতুবন্ধনের ভূমিকা পালন করবেন।

নেতৃবৃন্দ মনে করেন, নতুন বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সন্ধিক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞাবান ও দায়িত্বশীল নেতৃত্ব রাষ্ট্রকে আরও স্থিতিশীল, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে নিতে সহায়ক হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রজ্ঞা, সততা ও দৃঢ় দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব সুচারুরূপে পালনের জন্য সৃষ্টিকর্তার নিকট আন্তরিক প্রার্থনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button