sliderশিক্ষাশিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদী মার্চ’ কর্মসূচি ঘোষণা

পতাকা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

আবু বাকের মজুমদার বলেন, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে। এই কমিটি চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। ৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে বিভাগীয় সফর শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে সফরে আমরা সারা দেশের ঘটনাগুলো শুনব। ছাত্র-জনতা থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলব।

তিনি আরও বলেন, সারা দেশে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের কমিটির সদস্যরা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে।

সারজিস আলম বলেন, ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে শহীদি মার্চ পালন করা হবে। বিকেল ৩টায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি শুরু হবে।

তিনি আরো জানান, মার্চ কর্মসূচি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, সাইন্সল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ যাবে। এরপর বিজয় সরণি, ফার্মগেট হয়ে কাওরান বাজার, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হবে।

তিনি বলেন, ‘আগামীকাল দেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রতিটি সেক্টরে শহীদ ভাইদের স্মৃতিকে নিজের মধ্যে ধারণে করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের স্মরণে করে শহীদী মার্চ করতে চাই।’

যারা তাদের সন্তান কিংবা ভাই-বোন হারিয়েছেন, তাদেরকেও এই মার্চে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সারজিস বলেন, ‘আমরা আপনাদের ভার বহন করতে চাই।’

গত ৫ আগস্ট যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ‘আবাবিল পাখির মতো লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়’, ঠিক সেভাবেই আগামীকালের কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের মানুষের ‘স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ’ চান তিনি।

এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান, তা ব্যানারে লিখে নিয়ে আসবেন। এছাড়া কীভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলোও ব্যানারে লিখে আনার পরামর্শ দেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button