১০ তারিখ সমাবেশের ঘোষণা ঐক্যফ্রন্টের

আগামী ১০ ডিসেম্বর (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। এজন্য সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সমাবেশের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘আশা করছি, ১০ ডিসেম্বর (সোমবার) ঐক্যফ্রন্টের এই জনসভা সার্থক হবে, সাফল্যমণ্ডিত হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আইন, ন্যায়বিচারের তোয়াক্কা না করে সরকার খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। সরকার জানে, অন্যায় পথে নির্বাচন অনুষ্ঠান ছাড়া জনসমর্থনশূন্য আওয়ামী লীগের একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের অন্য কোনো উপায় নেই। তাই নির্বাচনী ব্যবস্থা এবং আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রেখে আবারও ক্ষমতায় যেতে চান। সে জন্য বিরোধী দলের ওপর অত্যাচার-নির্যাতন-নিপীড়ন এবং যত রকম কৌশল আছে, সরকার প্রয়োগ করছে।’




