Uncategorized

হোয়াইটওয়াশের মুখে অস্ট্রেলিয়া

চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তাই অসিদের হোয়াইটওয়াশ করার সুযোগ প্রোটিয়াদের সামনে। আর সেই সুযোগটা কাজে লাগাতে চায় দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজের শেষ ম্যাচটা জিততে মরিয়া অস্ট্রেলিয়া। ফলে কেপ টাউনে আগামীকালের শেষ ওয়ানডেটি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ বিকেল সাড়ে ৫টায়।
২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। এরপর দু’বার সিরিজ জিতে অসিরা। আর এবার প্রথম চার ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় সাত বছর পর ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
সিরিজে ৪-০ লিড নেয়ায়, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণ আফ্রিকার। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে মরিয়া প্রোটিয়ারা এমনটাই জানালেন দলের অধিনায়ক ফাফ ডু-প্লেসিস, ‘অস্ট্রেলিয়াকে আগে কখনও হোয়াইটওয়াশ করা যায়নি। এবার সুযোগ পেয়েছি। এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। বিশ্বের এক নম্বর দলকে হোয়াইটওয়াশ করতে দলের সবাই মুখিয়ে আছে। অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জয়, অন্যরকম অর্জন হবে আমাদের কাছে।’
সিরিজের চার ম্যাচে ভালো খেললেও, দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত পারফরমেন্সের সাথে পেরে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। তাই প্রতি ম্যাচেই লজ্জার হারের স্বাদ নিতে হয় অসিদের। তবে পঞ্চম ম্যাচে ভালো পারফরমেন্স করে সিরিজটা জয় দিয়ে শেষ করার ইচ্ছা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের, ‘প্রথম চার ম্যাচে দল খুব খারাপ খেলেছে বলবো না। দক্ষিণ আফ্রিকা আমাদের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে, তাই আমরা ম্যাচগুলো হেরেছি। সিরিজও হারলাম। তবে সিরিজের শেষ ম্যাচে জিততে চাই আমরা। সিরিজটা ভালোভাবে শেষ করাই এখন আমাদের লক্ষ্য।’
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), কাইল এ্যাবট, হাসিম আমলা, ফারহান বেহারদিয়ান, কুইন্ট ডি কক, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, আন্দিল পেলুকওয়ো, কাগিসো রাবাদা, রিলি রোসৌ, তাবরিজ শামসি ও ডেল স্টেইন।
অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড মিলার, জর্জ বেইলি, স্কট বোল্যান্ড, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, ট্রাভিস হেড, উসমান খাজা, মিচেল মার্শ, জো মেনি, ক্রিস ট্রিমেইন, ম্যাথু ওয়েড, ড্যানিয়েল ওয়ারল ও এডাম জাম্পা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button