slider

হাসপাতালের ওয়ার্ডে ঢুকে হামলা, ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ঢুকে প্রকাশ্যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় মো. বাকি বিল্লাহ্ (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়।

শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালটির ৫ম তলার সার্জারী ওয়ার্ডে ঢুকে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ধাঁরালো অস্ত্রের আঘাতে আহত বাকি বিল্লাহ্ ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও একই উপজেলার ভাওয়াল গ্রামের রহমান মুন্সীর ছেলে।

রবিবার (১৪ এপ্রিল) সকালে ফরিদপুর সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াদুদ মাতুব্বর সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদকের নেতৃত্ব এ হামলা চালানো হয়। তবে, কেন এ হামলা- সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।’

অভিযোগের ব্যাপারে জানতে মেডিকেল কলেজ হাসপাতালটির অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। মিটিং শেষে এব্যাপারে বিস্তারিত জানাতে পারবো।’

তবে এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, ‘ফরিদপুরের সালথার একটি মারামারির রেশ ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button