
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি: তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা ৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে অনুসন্ধান শুরু করে জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল’। আধুনিক তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন সাইবার সেলের সদস্যরা। হাতছাড়া হয়ে যাওয়া শখের মোবাইল ফোন আবার ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভুক্তভোগীরা। সাইবার ক্রাইম মনিটরিং সেল ও জেলা পুলিশের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তায় ও জনসেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে আমাদের সাইবার ক্রাইম মনিটরিং সেল দিনরাত কাজ করে যাচ্ছে। এই সেবা অব্যাহত থাকবে।”
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ সহ সেলের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা।




