রতন রায়হান, রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা এলাকায় পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ও ওয়াইফাই মেশিন চুরি মামলার মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া বিপুল পরিমাণ ওয়াইফাই নেটওয়ার্কের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) হারাগাছ থানা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে হারাগাছ থানার বাহার কাছনা জুম্মাটারী এলাকায় অভিযান চালিয়ে সিআর-৯৪২/১৮ মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. বাবুল মিয়া (পিতা—মো. রফিজ উদ্দিন)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, হারাগাছ থানার এসআই মো. মঞ্জুরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বানুপাড়া কলেজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এফআইআর নং-০৪/১৪৪, তারিখ ২ আগস্ট ২০২৬, ধারা ৪৬১/৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০-এর ওয়াইফাই মেশিন চুরি মামলার মূল আসামি মো. নুরুন্নবী মিয়া ওরফে দুদু (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে তাকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুন্নবীর দেওয়া তথ্য ও তার বসতবাড়ি থেকে চুরি যাওয়া বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— V-Sol OLT Four Port ২টি, যার আনুমানিক মূল্য ৭৭ হাজার টাকা; UPS 1200 Volt ১টি, মূল্য ১৬ হাজার টাকা এবং সিসি ক্যামেরা ১টি, মূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা। পুলিশের প্রাথমিক হিসাবে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ৯৫ হাজার ৫০০ টাকা। হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক চৌহান জানান, নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি ও চুরি মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (২ সেপ্টেম্বরে) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে হারাগাছ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।