সিংগাইরে মোটরসাইকেল কেড়ে নিলো স্কুল ছাত্রের প্রাণ

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তৌহিদ হাসান সিয়াম (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার ছোট ভাই তৌফিক হাসান। এতে সিয়ামের মা সামান্য আঘাত পান। নিহত সিয়াম উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশের হাটি গ্রামের ব্যবসায়ী শামসুজ্জামান সুজনের ছেলে। সে চারিগ্রাম এসএ খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
শনিবার (৭ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে উপজেলা জামসা ইউনিয়নে গোলাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সিয়াম মোটরসাইকেল যোগে তার মা ও ছোট ভাই তৌফিককে সঙ্গে নিয়ে নানা বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে গোলাই এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে । এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে গুরুতর আহত অবস্থায় তৌফিক হাসানকে (১১) সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরিবারে বইছে শোকের মাতম।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



