slider

সাভার মহাসড়কে গাড়িতে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে তিন চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঢাকা জেলার আশুলিয়া থানার জিরানী এলাকার আমিনুর হক সরোয়ারের ছেলে শামীম সুলতান (২১), সাভার পৌরসভার জামসিং এলাকার আমিনুর ইসলাম সেলিমের ছেলে মোজাহিদুল ইসলাম অলি (২০) ও সাভার পৌর এলাকার শাহিবাগ মহল্লার মরহুম হাসান মাসুদের ছেলে জাহিদুল ইসলাম জিসান (২০)।

আটককৃতদের মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজা সংলগ্ন আর এস টাওয়ারের সামনে থেকে আটককের সময় তাদের আরো কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়। এ সব চাঁদাবাজ সাভারের বিভিন্ন সড়ক-মহাসড়কে ব্যারিকেড দিয়ে চলমান যানবাহন থেকে বেপরোয়া চাঁদাবাজি করে আসছিল বলে বিষয়টি জানান সাভার মডেল থানার (এসআই) মো: রুবেল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঢাকা-আরিচা মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা রাজধানী মুখী মুরগীবাহী ট্রাক, চাল-ডাল-পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করে আসছিল একটি চাঁদাবাজ গ্রুপ। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানকালে কয়েকটি লাঠি, চাঁদা তোলার রশিদ, ভাউচার, টোকেন ও চাঁদার নগদ টাকা জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, এসব সংঘবদ্ধ চাঁদাবাজ লাঠি সোটা নিয়ে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, মাছবাহী ট্রাক, মুরগীবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে চালকদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিল। চাঁদা না পেলে তারা গাড়ি ভাঙচুর করে। চালকদের আটকে রেখে মারধরও করে আসছিল তারা।

সাভার মডেল থানার (এসআই) মো: হোসেন জানান, আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, চাঁদাবাজ চক্রের মূলহোতা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি সোহেল রানার নির্দেশে দীর্ঘদিন যাবৎ গভীর রাতে তারা চাঁদাবাজি করে আসছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button