তপন দাস, নীলফামারী: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নীলফামারী জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা পুলিশ, নীলফামারীর আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। এ জন্য সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে বলে সভায় জানানো হয়।
তিনি আরও বলেন, জেলার পূজামণ্ডপ গুলোর নিরাপত্তা, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূজার আগে, পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা তাদের মতামত ও বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য শোনেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-সেবা (নীলফামারী সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী (সৈয়দপুর সার্কেল)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার উপজেলা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।