সাভারে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে বকেয়া বেতন, বোনাস, ছুটির টাকাসহ কয়েকটি দাবিতে সোমবার হেমায়েতপুর শ্যামপুর এলাকায় দীপ্ত এপারেলস লি গামের্ন্টস কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন।
শ্রমিকদের সূত্রে জানা যায়, সকালে ডার্ড গ্রুপের দীপ্ত এপারেলস লি কারখানার শ্রমিকরা কারখানায় এসে কর্মবিরতি পালন করেন এবং কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা কতৃপক্ষ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে যায়।
কারখানার শ্রমিকরা জানান, গত মার্চ মাসের বেতন আমরা এখনো পাইনি। এছাড়াও বোনাসের টাকা, ছুটি, টিফিন বিলের টাকা প্রায়শই দেরিতে পরিশোধ করে কর্তৃপক্ষ। এই দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি। এদিকে সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত বেতন ছাড় ও শ্রমিকরা কর্মবিরতি পরিহার করে কাজে যোগ দেয়ার খবর পাওয়া গেছে।
শ্রমিক নেতা সৌমিত্র কুমার জানান, বকেয়া বেতন, বোনাস, ছুটির টাকা, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।
তিনি আরো জানান, সন্ধ্যায় বেতন ছাড় হয় এবং শ্রমিকরা কাজে যোগ দেন।




