মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুর উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মাহবুবর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম এবং থানা অফিসার (তদন্ত) মনোজিদ কুমার নন্দী। এছাড়াও উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার মো. নুরুল হুদা তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী, সমবায় অফিসার খালেদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ওয়াহীদুজ্জামান মিনু, পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম এবং মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে মাছ চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করার মাধ্যমে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয় ও পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপযুক্ত প্রজাতির পোনা অবমুক্তকরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে এদিন ২৮৫.৭ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সাথে কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে মাছের পোনা অবমুক্তকরণ, পুকুর প্রস্তুতি, পানির গুণাগুণ পরীক্ষা এবং মাছের রোগ ব্যবস্থাপনা বিষয়ে চাষিদের প্রয়োজনীয় সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।