বিনোদন

শ্রীদেবীর শেষ ছবি অন্তর্জালে ভাইরাল

এক বছর হয়ে এলো, হিন্দি চলচ্চিত্র অঙ্গন হারিয়েছে তাদের সবচেয়ে প্রিয় ও মেধাবী অভিনেত্রী শ্রীদেবীকে। কিংবদন্তি এই অভিনেত্রী ‘লাডলা’, ‘খুদা গাওয়া’, ‘চাঁদনি’, ‘মিস্টার ইন্ডিয়া’সহ অসংখ্য সিনেমায় উল্লেখযোগ্য চরিত্র সৃজন করেছেন। একটা বিরতির পর এই অভিনেত্রী ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে ফিরেই জানান দেন, আসলেই তিনি সুপারস্টার।
আজ (২২ ফেব্রুয়ারি) মৃত্যুবার্ষিকীর মাত্র দুদিন আগে শ্রীদেবীর একটি ছবি অন্তর্জালে ভক্ত ও অনুরাগীদের হাত ঘুরছে, যেটি গত বছর একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। ছবিতে শ্রীদেবীর পাশাপাশি তাঁর স্বামী বনি কাপুর, ছোটকন্যা খুশি কাপুর ও পরিবারের অন্য সদস্যদের দেখা যাচ্ছে। ২৪ ফেব্রুয়ারি দুর্ভাগ্যজনক মৃত্যুর আগে এটিই ছিল শ্রীদেবীর সর্বশেষ পোস্ট করা ছবি।
ছবিটি মোহিত মারওয়া ও অন্তরা মোতিয়ালের বিয়ের অনুষ্ঠানে তোলা, এই অভিনেত্রীর শেষ মুহূর্ত। গত বছরের ২৪ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ের একটি হোটেলে দুর্ভাগ্যজনকভাবে বাথটাবে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর।
গত ১৪ ফেব্রুয়ারি হিন্দি বর্ষপঞ্জিকা অনুযায়ী তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। মৃত্যুবার্ষিকীর পূজায় মাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুর। চেন্নাইয়ে জাহ্নবী-খুশির মাতুলালয়ে আয়োজিত শ্রীদেবীর বর্ষী পূজায় প্রার্থনা করেন স্বামী বনি কাপুর, দেবর অভিনেতা অনিল কাপুরও। পরিবারের লোকজন ছাড়াও প্রয়াত এই অভিনেত্রীকে স্মরণ করেন বলিউড তারকারা।
এর আগে একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বনি কাপুর বলেছিলেন, ‘শ্রীদেবীর সঙ্গে আমার প্রেমের গল্প খোলা বইয়ের মতো। যা কিছুই হৃদয়ে ছিল, সব জনসমক্ষে বলেছি। তাঁর ঘনিষ্ঠ মুহূর্তগুলো হৃদয়ে অমলিন থাকবে। আর সেটাই আমার বেঁচে থাকার প্রেরণা।’
বৌদি শ্রীদেবীর সঙ্গে অজস্র সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর। সম্প্রতি একটি দৈনিককে অনিল বলেন, ‘সব সময় ওঁকে মিস করব। শ্রীদেবী শুধু দাদার স্ত্রীই ছিলেন না, আমার স্ত্রীর খুব ভালো বন্ধুও ছিলেন। আমাদের যখন যেখানে দেখা হতো হাসাহাসি, মজা, আনন্দ লেগেই থাকত। শ্রী-এর মতো মানুষকে ভোলা খুব মুশকিল। ওঁর অভিনীত সিনেমাগুলো এখনো দেখতে খুব ভালো লাগে।’
গত বছর ‘ধড়ক’ দিয়ে বলিউডে অভিষেক হয় বড় মেয়ে জাহ্নবী কাপুরের। এই ছবির জন্য জাহ্নবীকে প্রেরণা জুগিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু মুক্তির আগেই তাঁর করুণ মৃত্যু হয়। শোনা যাচ্ছে, শিগগিরই বলিউডে পা রাখবেন ছোট মেয়ে খুশি কাপুর। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button