
কামরুল ইসলাম, রাংগামাটি প্রতিনিধি: গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং নিরবচ্ছিন্ন পড়াশোনার সুযোগ করে দিতে একটি কোচিং সেন্টারকে সিলিং ফ্যান ও এলইডি ব্যাকআপ লাইট উপহার দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ‘নবদিগন্ত প্লাস কোচিং সেন্টার’-এর জন্য এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম শুভ, হাবীব আজমের কার্যালয় থেকে এসব সামগ্রী গ্রহণ করেন।
জানা যায়, এই নতুন কোচিং সেন্টারটি মূলত দুর্গম পাহাড়ি অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও কলেজ ভর্তির প্রস্তুতির জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী ২ অক্টোবর রাঙামাটি শহরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
উপহার প্রদান প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য হাবীব আজম বলেন, শিক্ষার্থীরা যাতে গরমে কষ্ট না পায় এবং রাতে বিদ্যুৎ চলে গেলেও তাদের ক্লাস যাতে বন্ধ না হয়, সেজন্য সিলিং ফ্যান ও এলইডি ব্যাকআপ লাইট উপহার দেওয়া হয়েছে।
কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম শুভ, হাবীব আজমের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “জেলা পরিষদ সদস্য হিসেবে হাবীব আজম সাধারণ মানুষের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন। তার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ বিভিন্ন খাতে তার দায়িত্বশীলতা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সুনাম বৃদ্ধি করেছে।”




