
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ফারজানা ইসলামের দুর্নীতির প্রমাণাদি শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের কাছে জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের একটি প্রতিনিধিদল।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলীম খানের কাছে তার বাসভবনে গিয়ে প্রমাণাদি জমা দেয় প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলে ছিলেন- বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা এবং ভুগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মুস্তাফিজুর রহমান চয়ন।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা গণমাধ্যমকে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির সকল কাগজ, অডিও-ভিডিও আমরা শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের কাছে জমা দিয়েছি। আশা করছি বিশ্ববিদ্যালয়ের একটা বড় পরিবর্তন আসবে।
এর আগে, রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনে দুর্নীতির প্রমাণাদি শিক্ষামন্ত্রীর কাছে পাঠানোর ঘোষণা দেওয়া হয়।




