sliderশিক্ষাশিরোনাম

শহীদদের রক্তে লেখা জুলাই সনদ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্রপক্ষ’র

পতাকা ডেস্ক: সাম্য, অধিকার ভিত্তিক ছাত্ররাজনীতি এবং রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রপক্ষ’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী এবং সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষ’র প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান ফুয়াদ এবং সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।
সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রপক্ষ’র তিন বছরের সংগ্রামী পথচলা, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা এবং জুলাই গণঅভ্যুত্থানে সংগঠনের সক্রিয় অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় অর্জনের পেছনে ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। একটি আদর্শিক ও দায়িত্বশীল ছাত্ররাজনীতি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ ছাত্রপক্ষ গত তিন বছরে যে আদর্শিক অবস্থান ও সংগ্রামী ভূমিকা প্রদর্শন করেছে, তা দেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে।
তিনি আরও বলেন, যে জাতি তার শহীদদের আত্মত্যাগকে ধারণ করতে পারে, সেই জাতিই সামনে এগিয়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ছাত্রপক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল একটি নতুন ধারার ছাত্ররাজনীতির প্রত্যয় নিয়ে। গত তিন বছরে সংগঠনটি নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কাজ করে যাচ্ছে। আগামী দিনে এই আন্দোলন আরও বিস্তৃত হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত ছাত্রসমাজই পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। এই জন-আকাঙ্ক্ষাকে ধারণ করেই বাংলাদেশ ছাত্রপক্ষ তার ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবে।
উপদেষ্টা ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, একটি জাতির অগ্রগতির জন্য প্রয়োজন সচেতন, মানবিক ও নেতৃত্বগুণসম্পন্ন তরুণ প্রজন্ম। বাংলাদেশ ছাত্রপক্ষ শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চর্চা গড়ে তুলতে কাজ করছে। এই ধারা অব্যাহত থাকলে সংগঠনটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক গণতন্ত্র ও সুশাসন উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান International Republican Institute-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর, John Fluharty। জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি খাইরুল হাসান মারজান, ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সায়েদুল ইসলাম, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকসুদুর রহমান, মঞ্চ ২৪ এর সংগঠক আসিফ আদনান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের অন্যতম সংগঠক সাদিক আল আরমান, পুনাবের সহসভাপতি লাবিব মাহমুদ, পুসাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাকিন সাদাব, নিরাপদ সড়ক আন্দোলন- নিসআ এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান, বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সিরাজুম মনিরা, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আবু দারদা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য দিদারুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত ও নির্যাতিতদের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামের এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ছাত্রপক্ষ এর নেতৃবৃন্দ ঘোষণা করেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button