লাইভে করোনার টিকা নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার লাইভেই তিনি করোনার টিকা নেন। প্রেসিডেন্ট ট্রাম্প যখন শুরু থেকেই করোনা ভাইরাসকে তোয়াক্কা না করার রীতি গ্রহণ করছেন তখন তারই ভাইস প্রেসিডেন্ট করোনার টিকা নিলেন। খবর সিএনএন ও এনবিসি নিউজের।
মাইক পেন্স প্রকাশ্যে এমন সময়ে করোনার টিকা নিলেন যখন জরিপে দেখা যাচ্ছে, কোনো কোনো আমেরিকান নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে উদ্বেগের কারণে টিকা গ্রহণে অনিচ্ছুক। গতকাল মাইক পেন্সের সঙ্গে তার স্ত্রী কারেন পেন্সকেও টিকা দেওয়া হয়েছে। হোয়াইট হাউজের কাছে আইজেন হাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের চিকিত্সক দল তাদের শরীরে টিকা প্রয়োগ করেন। বাম বাহুতে টিকা নেওয়ার পর পেন্স বলেন, আমি তেমন কিছু অনুভব করছি না, ভালোই হয়েছে। তিনি বলেন, কারেন এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই যাতে আমেরিকানরা এর থেকে দূরে সরে না যায়। মাইক পেন্স এই মহত্ ও সচেতনতামূলক কর্মের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, প্রেসিডেন্ট ট্রাম্প ও অপারেশন ওয়ার্প স্পিডকে ধন্যবাদ জানান।
এদিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে করোনা ভাইরাসের প্রকোপ এতটাই মারাত্মক যে সেখানকার জনস্বাস্থ্য বিভাগ টুইটারে লিখেছে, লস অ্যাঞ্জেলস কাউন্টিতে প্রতি ঘণ্টায় গড়ে দুই জন করে কোভিড-১৯-এ মারা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস জানিয়েছে, লস অ্যাঞ্জেলসের হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা ইউনিটে স্থান সংকুলান এতটাই কঠিন হয়ে পড়েছে যে, করোনা ভাইরাসের কিছু রোগীকে ৭ ঘণ্টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে অপেক্ষা করতে হয়েছে সেখানে জায়গা পাওয়ার জন্য।




