খেলা

লর্ডসে রোমাঞ্চকর ড্র, লেবুশানের ইতিহাস

লর্ডস টেস্টে জয় পেল না কোনো দলই। বৃষ্টিতে দুই দিন নষ্ট হয়ে যাওয়ায় নাটকীয় কিছু না হলে ড্রই দেখছিল, হয়েছেও তাই। ১৯৯৭ সালের পর প্রথমবার ক্রিকেটের পুণ্যভূমি খ্যাত লন্ডনের এই ভেন্যুতে ড্র হলো টেস্ট। কিন্তু ম্যাচের ফলকে ছাপিয়ে প্রথম ‘কনকাশন’ বদলি হিসেবে স্মিথের জায়গায় খেলতে নামা মার্নাস লেবুশান ঠাঁই পেয়েছেন ইতিহাসে। অ্যাশেজের দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া।
চতুর্থ দিন দলের বিপর্যয়ে ব্যাট হাতে ১১৫ রানের দারুণ এক ইনিংস খেলেন বেন স্টোকস। ছিলেন অপরাজিত। রোববার ম্যাচের শেষ দিনে ৫ উইকেটে ২৫৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড ছিল ৮ রান। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৬৭। ম্যাচের তখন বাকি সম্ভাব্য ৪৮ ওভার। তাই উইকেটে টিকে থাকাই মূলত অস্ট্রেলিয়ার সামনে মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। জোফরা আর্চারের প্রথম স্পেলে আগুনে বোলিংয়ে সে লক্ষ্যটাও যেনো কঠিন হয়ে ওঠে অজিদের সামনে। তবে ট্রাভিস হেড ও মার্নাস লেবুশান গড়ে তোলেন প্রতিরোধ।
ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ‘কনকাশন সাব’ হিসেবে মাঠে নামেন মার্নাস লেবুশান। মাত্রই কিছুদিন আগে আইসিসি তাদের নিয়মে এই সাব-এর অন্তর্ভূক্তি এনেছে। যেখানে কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লে তার বদলি হিসেবে অন্য ক্রিকেটার খেলতে পারবেন। মাথায় আঘাত পেয়ে দ্বিতীয় ইনিংসে স্মিথ খেলতে না পারার সুযোগ পান লেবুশান।
নিজের পাওয়া সুযোগ বেশ ভালোই কাজে লাগিয়েছেন লেগস্পিনার ও ব্যাটসম্যান মার্নাস লেবুশান। দলের খারাপ সময়ে তার ব্যাট থেকে আসে ১০০ বলে ৫৯ রান। ট্রাভিস হেড ৪২ রানে অপরাজিত থেকে দলকে শেষ পর্যন্ত টেনে নেন ড্রয়ের দিকে।
আর্চার ও লিচ ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়ে সেরা বোলার। ম্যাচসেরা হয়েছেন স্টোকস। আগামী বৃহস্পতিবার হেডিংলিতে তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৫৮
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৫০
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: (আগের দিন ৯৬/৪) ৭১ ওভারে ২৫৮/৫ (ডি.)(স্টোকস ১১৫*, বাটলার ৩১, বেয়ারস্টো ৩০*; কামিন্স ৩/৩৫, হেইজেলউড ০/৪৩, সিডল ২/৫৪, লায়ন ০/১০২)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ২৬৭) ৪৭.৩ ওভারে ১৫৪/৬ (ওয়ার্নার ৫, ব্যানক্রফট ১৬, খাওয়াজা ২, লেবুশান ৫৯, হেড ৪২*, ওয়েড ১, পেইন ৪, কামিন্স ১*; ব্রড ০/২৯, আর্চার ৩/৩২, ওকস ০/১১, লিচ ৩/৩৭, স্টোকস ০/১৬, রুট ০/৭, ডেনলি ০/০)।
ফল: ম্যাচ ড্র

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button