রুবেলের ইয়র্কারে মুগ্ধ ব্রেট লি

ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের জন্য অনেকে দুষেছেন রুবেল হোসেনকে। কারণ ১৯তম ওভারে তিনি দিয়েছেন ২২ রান! তখনই জয় থেকে ছিকটে পড়ে বাংলাদেশ। এ ঘটনার জন্য পরে অবশ্য ক্ষমা চেয়েছেন তিনি। তবে এই পেসারকে খুব পছন্দ অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি’র। এই টুর্নামেন্টে যত পেসার খেলেছেন, তাদের মধ্যে রুবেলের ইয়র্কার দেয়ার ক্ষমতাই মনে ধরেছে তার।
ফাইনালে প্রথম তিন ওভার দুর্দান্ত পারফরমেন্স ছিল তার। দিয়েছিলেন মাত্র ১৩ রান। উইকেট শিকার করেছিলেন দুটি। তাই ১৯তম ওভারে যখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৪ রান, নির্ভরযোগ্য এই বোলারের হাতেই বল তুলে দেয়া হয়। কিন্তু দুর্ভাগ্য সেই ওভারেই দিনেশ কার্তিক নেন ২২ রান! ফলে জয়ের কাছাকাছি চলে যায় ভারত।
তবে শুধু এই ওভারটি বাদ দিলে পুরো টুর্নামেন্টে ভালো বোলিং করেছেন তিনি। তার ফল সেরা বোলারদের তালিকায় চতুর্থ স্থানে তিনি। ৫ ম্যাচে নিয়েছেন ৭টি উইকেট।
এই পারফরমেন্সই মুগ্ধ করেছে ব্রেট লি’কে। বলেছেন, ‘রুবেলই খুব সম্ভবত এই প্রতিযোগিতার একমাত্র বোলার, যে বলের সিম সোজা রেখে বোলিং করেছে। স্বল্প রানআপে দারুণ দারুণ সব ইয়র্কার দিয়েছেন। কিন্তু আমি এই ধরণের বোলিং আরো দেখতে চাই।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ টেস্টে ৩১০ টেস্ট উইকেট শিকার করেছেন লি। আর ২২১ ওয়ানডেতে নিয়েছেন ৩৮০টি উইকেট।




