জাতীয়শিরোনাম

রামপাল বিদ্যুৎ কেন্দ্র্র:সরকারের দাবি ভ্রান্ত এবং প্রতারণামূলক

জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র যে সুন্দরবনের বিনাশ ঘটাবে তা এতই নিশ্চিত যে, বাংলাদেশের সব পর্যায়ের মানুষ এর বিরোধী। সরকার যদি এ বিষয়ে গণভোট দেয় এবং মানুষকে ভোট দিতে দেয় তাহলে শতকরা ৯৯ ভাগ মানুষ এর বিরুদ্ধে ভোট দিবে।
শনিবার সকালে মুক্তিভবনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ একথা বলেন।
সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র্র সুন্দরবনবিনাশী, ১২ জুলাইসহ এ সম্পর্কে সম্পাদিত বিভিন্ন চুক্তি কেন জাতীয় স্বার্থবিরোধী সে বিষয়ে বিস্তারিত তথ্য-প্রমাণ ও যুক্তি পাওয়ার পয়েন্টের পেজেন্টেশনে তুলে ধরা হয়। প্রকৌশলী কল্লোল মোস্তফা উপস্থাপিত এই তথ্য যুক্তিতে দেখানো হয় যে সরকারের বিভিন্ন প্রচারণায় দাবি ভ্রান্ত এবং প্রতারণামূলক।
আনু মুহাম্মদ আরো বলেন, বিশ্বের এবং বাংলাদেশের একজনও বিশেষজ্ঞ পাওয়া যাবে না যিনি মনে করেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবনের ক্ষতি হবে না। শুধুমাত্র কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরাই এ দাবি করেন। অবিলম্বে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সকল চুক্তি ছুঁড়ে ফেলে দিতে হবে।
সুন্দরবন রক্ষার দাবিতে সংবাদ সম্মেলনে আগামী ১৮ জুলাই ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, ১৯ থেকে ২৬ জুলাই ঢাকা ও সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে পদযাত্রা সমাবেশ সাংস্কৃতিক প্রতিবাদ এবং ২৮ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন হায়দার আকবর খান রনো, সাইফুল হক, মোশাররফ হোসেন নান্নু, বজলুর রশীদ ফিরোজ, অ্যাড. আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম ফজলু, অধ্যাপক মোশাহীদা সুলতানা, রজত হুদা, শহীদুল ইসলাম সবুজ, মহিনউদ্দিন চৌধুরী লিটন, সুবল সরকার, নাসির উদ্দিন নাসু, শামসুল আলম, ফখরুদ্দিন কবির আতিক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button