রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিলো আওয়ামী লীগ

সংবাদদাতা, রংপুর : রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিনের অফিসে গিয়ে এ মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।
রংপুর-৩ আসনটি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের আসন হিসেবে পরিচিত। আসনটি তার দলের জন্য ছেড়ে দিলো ক্ষমতাসীনরা।
এদিকে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী না থাকার খবরে হতাশ হয়েছেন দলের নেতা-কর্মীরা। যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে শহরের কাচারি বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিকেল চারটায় দলীয় মনোনয়ন প্রত্যাহার করতে নির্বাচনী কার্যালয়ে যাওয়ার পথে শহরের কাচারি বাজার এলাকায় এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের পথরোধ করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহার করার বিরোধিতা করে এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা স্লোগান দেন।
উল্লেখ্য, ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
পরে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।
এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবর হবে ভোটগ্রহণ।
রংপুর-৩ আসনে ১৭৫টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ৬৭১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ১০৯ জন আর মহিলা ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬২ জন। এই আসনে ভোট হবে ইভিএমে।




