রংপুরে শ্যামাসুন্দরী ও কেডি খাল খনন ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
রংপুর প্রতিনিধি : প্রায় দেড়শ’ বছরের পুরনো রংপুরের শ্যামাসুন্দরী ও কেডি খাল খনন এবং সংস্কারের দাবিতে সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর উন্নয়ন ফোরাম। ওই মানববন্ধন সমাবেশের নেতৃত্বদেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
দু’ ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধন ও সমাবেশে নগরীর ৩৩ ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে কয়েকশ’নারী- পুরুষ অংশ গ্রহণ করেন। আর ব্যানারে লেখা ছিল জলাবদ্ধতামুক্ত নগরী গড়ে তুলতে শ্যামাসুন্দরী ও কেডি খালকে দখলমুক্ত করে জনদুর্ভোগমুক্ত নান্দনিক রংপুর সিটি গড়তে হবে।
মানববন্ধন সমাবেণে সভাপতিত্ব করেন রংপুর মহানগর উন্নয়ন ফোরাম ও ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম। এতে বক্তব্য রাখেন ফোরাম এর প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়াামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহসভাপতি ও আওয়ামীলীগনেতা নাজনীন রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ কাওসার মামুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমুখ।
বক্তারা বলেন, ২৭ সেপ্টেম্বর এক রাতের ভারি বর্ষণে রংপুর নগরীর ৩৩ ওয়ার্ডে জলাবদ্ধতার কারণে হাজার হাজার মানূষ পানি বন্দি হয়ে পড়েছে। এখনো অনেক এলাকা হাটু পানির নীচে তলিয়ে আছে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে। দীর্ঘদিন ধরে শ্যামাসুন্দরী ও কেডি খাল খনন এবং সংস্কার না করে উল্টো ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করা হয়েছে। অপরিকল্পিত নগরায়নের কারণে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা সবই অনুন্নত। শুধু অনিয়ম দুর্নীতির কারণে রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন ব্যহত হচ্ছে।
বক্তারা বলেন, বর্তমান মেয়র সিটি কর্পোরেশনকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। উন্নয়নের নামে পছন্দের ঠিকাদার দিয়ে অর্থ লুটপাট করছে। শ্যামাসুন্দরী ও কেডি খালের সংস্কার না করেই কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চলছে।
মানববন্ধন ও সমাবেশে রংপুর মহানগর উন্নয়ন ফোরামের নেতাকর্মীরা ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




