Uncategorized

যশোরে লকডাউনের মধ্যেই খাদ্যের দাবিতে রাস্তায় অবস্থান

সংবাদদাতা, যশোর : লকডাউনের মধ্যেই খাদ্যের দাবিতে যশোরের রাস্তায় নেমে এলেন কয়েকশ’ নারী-পুরুষ-শিশু। মঙ্গলবার সকালে যশোর-ঢাকা ভায়া মাগুরা মহাসড়কের দুই জায়গায় অবস্থান নেন তারা। কাজের অভাবে না খেয়ে আছেন বলে অভিযোগ করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল ৮টার দিকে মহাসড়কটির বাহাদুরপুর বাজারে অবস্থান নেন ৩০-৪০ জন নারী। তাদের সাথে ছিল শিশুরাও। কিন্তু দ্রুতই এই সংখ্যা শ’দুয়েক হয়ে যায়। যাদের বেশিরভাগই ছিলেন নারী।
একই সময়ে বাহাদুরপুর থেকে খানিকটা দূরে বাঁশতলা এলাকায় একই মহাসড়কের ওপরও শ’খানেক লোক অবস্থান নেন। বাহাদুরপুর স্পটে অবস্থান নেওয়া কয়েকজনকে ত্রাণের দাবিতে স্লোগান দিতেও দেখা যায়।
রাস্তায় অবস্থান নেওয়া মানুষের অভিযোগ, এক মাসেরও বেশি সময় তারা ঘরবন্দী। কোনো কাজ-কর্ম নেই। অথচ তারা এখনো পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সহায়তা পাননি। বাচ্চা-কাচ্চা নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাদের।
নারীরা বলছিলেন, তারা প্রায় সবাই রোজা রয়েছেন। কিন্তু সেহরি-ইফতারি করার মতোও কিছু তাদের ঘরে নেই।
স্থানীয় এক নারী বলছিলেন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যানের কাছে তারা খাদ্য সহায়তা চেয়েছিলেন। কিন্তু তাদের নিরাশ হতে হয়েছে। স্থানীয় ইউপি মেম্বারও জানিয়ে দিয়েছেন, তার কাছে যে ত্রাণ এসেছিল, তা বণ্টন করা হয়ে গেছে। উপায়ান্তর না পেয়ে তারা রাস্তায় নামেন বলে দাবি করেন।
খবর পেয়ে বিক্ষোভস্থলে হাজির হন সেনা ও পুলিশ সদস্যরা। যান রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) কেএম আবু নওশাদও। তারা রাস্তায় অবস্থান নেওয়া নারী-পুরুষের কথা মনোযোগ দিয়ে শোনেন।
একপর্যায়ে আরডিসি কে এম আবু নওশাদ মাইকে ঘোষণা দেন, দ্রুতই তাদের তালিকা তৈরি করে খাদ্য সহায়তার উদ্যোগ নেয়া হবে। করোনা রোগী বেড়ে যাওয়ায় গত সোমরাব থেকে যশোর জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউনে যাচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button