মৃত্যু ১ লাখ ছাড়াল লাতিন আমেরিকা-ক্যারিবীয় অঞ্চলে

করোনাভাইরাসের হটস্পট লাতিন আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে তো বাড়ছেই। ওই অঞ্চলটির সঙ্গে লাতিন আমেরিকা মিলিয়ে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মঙ্গলবার ওই অঞ্চলে মৃত্যু সংখ্যা পাঁচ অঙ্কের ঘর স্পর্শ করে। দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে বেশি পর্যুদস্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। অতি ছোঁয়াচে এই ভাইরাসের ব্যাপক প্রকোপ রয়েছে মেক্সিকো, পেরু ও চিলিতেও।
আক্রান্ত-মৃত্যুর বৈশ্বিক তালিকাতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে মৃত্যু ৫২ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে; আর আক্রান্ত সাড়ে ১১ লাখ ছুঁই ছুঁই।
ব্রাজিলে করোনাভাইরাসের এই মহামারির অন্যতম কারণ অতি ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর উদাসীনতা। তার দাবি, করোনা ‘সামান্য ফ্লু’ জাতীয় রোগ। গণহারে মাস্ক পরা ও লকডাউন আরোপের বিরোধীও তিনি।
এদিকে, মেক্সিকোতেই করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে লাফিয়ে। ১২ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশটিকে চব্বিশ ঘণ্টায় ৬ হাজার ২৮৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে।
তুলনামূলক ছোট দেশ হলেও পেরুতে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়েছে। এরই মধ্যে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে কলম্বিয়ায়ও।




