মিরপুরে আশরাফুলের সেঞ্চুরি

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেও এতদিন খেলা হয়নি মিরপুরের হোম অব ক্রিকেটে। আজ শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে নেমেই প্রত্যাবর্তটা স্মরণীয় করে রাখলেন মোহাম্মদ আশরাফুল। অনুর্ধ-১৯ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
শ্রীলংকায় অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে আগামী মঙ্গলবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। তাদের প্রস্তুতির অংশ হিসেবে রোববার বিকেলে অনুর্ধ্ব-১৯ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নামলো দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচ খেলতে। সেখানে লাল দলে খেলার সুযোগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল, করেছেন অধিনায়কত্বও। আশরাফুলের দল ব্যাট করতে নেমে ৫০ ওভারে করেছে ২২৪ রান। এর মধ্যে ৩ নম্বরে ব্যাট করতে নেমে ১১০ বলে ১১৫ রান করেন মোহাম্মদ আশরাফুল।
সেঞ্চুরির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আশরাফুল বলেন, ‘নিষধাজ্ঞার সময় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে কিছু টুর্নামেন্টে একাধিক সেঞ্চুরি করেছি। তবে আজকের এই সেঞ্চুরির মর্যদাই আলাদা। কোন প্র্যাকটিস ছাড়াই প্রথম শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামলাম এবং সেঞ্চুরি করলাম, খুবই ভালো লাগছে।’
গত সেপ্টেম্বরেই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।




