বিনোদন

মা তাঁর ‘বস লেডি, আত্মার বোন’!

পৃথিবীর মধুরতম শব্দ মা। মায়ের ভালোবাসার তুলনা হয় না। সন্তানের জন্য মায়ের উৎসর্গ কল্পনাতীত। আজ মা দিবস। বিশ্বজুড়ে মাকে শুভেচ্ছাসিক্ত করছেন সন্তানেরা। বলিউড সেলিব্রেটিরাও সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে শুভেচ্ছা জানাচ্ছেন। হালের আবেদনময়ী সারা আলি খান তাঁর মা অমৃতা সিংকে শুভেচ্ছা জানিয়েছেন। দিয়েছেন আবেগময় বার্তা।
গত বছরের ডিসেম্বরে ‘কেদারনাথ’ দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন নবাবনন্দিনী সারা আলি খান। মা দিবস উপলক্ষে ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে একটি আদুরে পোস্ট দিয়েছেন তিনি। শেয়ার করেছেন মায়ের পুরোনো সাদাকালো ছবি।
ক্যাপশনে সারা আলি খান লিখেছেন, ‘মা দিবসের শুভেচ্ছা, মা। অবিরাম আমার শক্তি, প্রেষণা ও প্রেরণা হওয়ার জন্য ধন্যবাদ মা। আশা করি, তুমি যেমন নারী, তার ১০ শতাংশ হলেও আমি হতে পারব।’ হ্যাশট্যাগ দিয়ে সারা আরো বেশ কয়েকটি শব্দবন্ধ যোগ করে জানিয়েছেন, মা তাঁর ‘পথের সাথি’, ‘আত্মার বোন’, ‘বস লেডি’, ‘শক্তিশালী নারী’। বলেছেন, ‘আমার সম্পূর্ণ পৃথিবী।’
মাত্র দুই ঘণ্টায় সারার পোস্টটিতে লাইক পড়েছে চার লাখ ৮৩ হাজারের বেশি। শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরাও।

নবাবনন্দিনী সারা আলির ইনস্টাগ্রাম পোস্ট

পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খান ও তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা আলি খান। ১৯৯১ সালে অমৃতাকে বিয়ে করেন সাইফ। তাঁদের ঘরে দুই সন্তান সারা ও ইব্রাহিম আলি খান। ২০০৪ সালে বিচ্ছেদ হয়ে যায় এ যুগলের। ২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। ২০১৬ সালে এ যুগলের ঘর আলো করে আসে তৈমুর আলি খান।
গত বছরের ডিসেম্বরে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক হয় সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খানের। সমালোচক মহলে ও বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এ ছবি। সারার অভিনয়ের প্রশংসা ছিল সবার মুখে। দ্বিতীয় ছবিতেই বাজিমাত করেন সারা। ব্লকবাস্টার হয় ‘সিম্বা’। এ ছবিতে তাঁর নায়ক ছিলেন রণবীর সিং। বিশ্বব্যাপী ‘সিম্বা’ আয় করে ৪০০ কোটি রুপির বেশি।
সারা আলি খানকে আগামীতে তাঁর ‘ক্রাশ’ কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘লাভ আজকাল’ সিনেমার রিমেকে দেখা যাবে। ইমতিয়াজ আলি পরিচালিত এ ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ২০০৯ সালে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ২০২০ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে দ্বিতীয় কিস্তি।
এ ছাড়া সাম্প্রতিক খবর, পরিচালক ডেভিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’ রিমেকে অভিনয় করবেন সারা আলি খান। এতে তাঁর নায়ক পরিচালকের ছেলে বরুণ ধাওয়ান। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button