মানিকগঞ্জে তিন বছরেও ঠিক হয়নি সড়ক, ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ

তিন বছরেও ঠিক হয়নি নবগ্রাম কড়ইতলা থেকে নবগ্রাম বাজার সড়কের ভেঙ্গে যাওয়া অংশটি। এতে ওই অঞ্চলের ১৫ গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছে। ২০১৪ সালে বন্যায় ভেঙ্গে যায় সড়কটির নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন উত্তর-পূর্বপাশের একশ’ ফুট এলাকা। ভেঙ্গে যাওয়া অংশের উপরে বৈদ্যুতিক খুঁটি দিয়ে সাকো বানিয়ে যাতায়াত করছে। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা হতে পারে।
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ছোট ঘিওর, বাঘুটিয়া, বরঙ্গাখোলা, পাছ-বারইল, নয়াকান্দি, সরুপাই, ধলাই, দিঘুলীয়া, বেরিরচর ও ঘিওর উপজেলার নালী ইউনিয়নের রামদিয়া ও কুন্দুরিয়াসহ প্রায় ১৫ গ্রামের লোকজন এই সড়কে যাতায়াত করে। এইসব এলাকার হাজার হাজার মানুষের প্রতিদিন স্কুল, কলেজ, হাট-বাজার, উপজেলা ও জেলা শহরে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলজিইডি’র বাস্তবায়নাধীন এই সড়কে সংস্কার কাজ হলেও বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙ্গা গর্তটি ভরাট করা হয়নি। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।অপরদিকে রিকশা, ভ্যান, মালবাহী ট্রলি, ট্রাক, বাস ইত্যাদি যানবাহন রাস্তা দিয়ে যেতে না পেরে বিদ্যালয় খেলার মাঠের উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে। ফলে মাঠে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে এবং খেলার মাঠটির মাটি ক্ষয় হয়ে ভেঙ্গে যাচ্ছে।
নবগ্রাম ইউপি সাত নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম জানান, এই রাস্তাটির অংশটুকু তিন বছর হয় ভেঙ্গে গেছে, এখন পর্যন্ত সংস্কার হয়নি, রাস্তাটি সংস্কার করার বিশেষ প্রয়োজন। প্রায় পাঁচ হাজার লোকের প্রতিদিনের যাতায়াতের এ রাস্তাটির কারণে অত্র ইউনিয়ন লোকজন চরম দুর্ভোগে পড়েছে।
নবগ্রাম ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন ফরহাদ জানান, অত্র ইউনিয়নের প্রায় লোকদের ভেঙ্গে যাওয়া রাস্তার জন্য সমস্যা হচ্ছে, আশা করছি খুব তাড়াতাড়ি এই রাস্তাটি মেরামত হয়ে যাবে।
মানিকগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক হাওলাদার জানান, এ ব্যাপারে এখনো আমি কিছু জানতে পারি না, তবে বিষয়টি দেখে আমি ব্যবস্থা নেব।
ইত্তেফাক




