
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সোমবার নির্বাচনী সমাবেশ করেছেন মাদ্রাসাছাত্রদের নিয়ে।
উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন খান উত্তরার জামিয়াতুল মাদ্রাসা কমিটির সভাপতি। তার সমর্থনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন খান মাদ্রাসার শিক্ষকসহ শতাধিক ছাত্র নিয়ে সমাবেশে উপস্থিত হন। তাদের নৌকা ও ঝুড়ির সমর্থনে স্লোগান দিতে দেখা যায়।
সোমবার এ সমাবেশে বেলা পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম যোগ দেন।
বেলা ১১টার আগে থেকেই মাসকট প্লাজার সামনে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমর্থিত নেতাকর্মী, আওয়ামী লীগ নেতাসহ ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ঝুড়ি প্রতীকের মোতালেব মিয়ার সমর্থকদেরও উপস্থিত হতে দেখা যায়।
দুই কাউন্সিলরের নেতাকর্মীদের ভিড়ে বন্ধ হয়ে যায় মাসকট প্লাজার সামনের সড়কের যান চলাচল।
সমাবেশে আতিকুল ইসলাম বলেন, ‘যত বেশি লোক ভোট দিতে আসবেন তত বেশি ভোট নৌকায় পড়বে। আর দুদিন নির্বাচনী প্রচার চালাতে পারব। আর এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না।’
আতিকুল ইসলাম উত্তরাবাসীর উদ্দেশে বলেন, তরুণদের জন্য মাদক একটি বড় চ্যালেঞ্জ। মেয়র নির্বাচিত হলে উত্তরা এলাকায় কাউন্সিলর, আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করবেন।
আতিকুল ইসলাম নেতাকর্মীদের সড়কে জনদুর্ভোগ না করতে বলেন।
নির্বাচনী পথসভায় মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আমি চাই না আমার প্রচারে কোনো ছাত্র-শিক্ষার্থী আসুক। এটা মোটেও ঠিক না।’
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আফছার উদ্দিন খান, জামিয়াতুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন খান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মতিউর রহমানসহ ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা।




