বিনোদন

মাদক মামলায় পরীমণির বিচার শুরু

মাদক মামলায় পরীমণি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার। অভিযোগকারীর জবানবন্দির মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগকারী র‌্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমানের জবানবন্দি রেকর্ড করেন। পরে অন্য দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের আইনজীবী বিভিন্ন বিষয়ে তাকে জেরা করেন।
তবে অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারার কারণ দেখিয়ে পরীমণির আইনজীবী শুনানি স্থগিত চেয়ে আবেদন জমা দিয়েছেন।
আবেদনে আইনজীবী আরও উল্লেখ করেছেন, পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারিক আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হাইকোর্ট শুনানি শেষে এ বিষয়ে আদেশ দিতে আজকের দিন ধার্য করেছেন।
বিচারক পরীমণির অনুপস্থিতির আবেদন মঞ্জুর করেন এবং তার অনুপস্থিতিতে সাক্ষীকে জেরা করার অনুমতি দেন।
আসামিপক্ষ আংশিকভাবে সাক্ষীদের জেরা করেন এবং পরবর্তী তারিখে পুনরায় জেরা করার জন্য সময় চান।
এরপর বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ২৯ মার্চ দিন ধার্য করেন।
গত বছরের ৪ আগস্ট পরীমণি ও দিপুকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সে সময় নায়িকার বাসা থেকে মদ ও মাদক উদ্ধার করা হয়। পরদিন বনানী থানায় দায়ের করা মামলায় ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে একই মামলায় কবিরকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের ৪ সপ্তাহ পর ১ সেপ্টেম্বর পরীমণিকে অন্তর্বর্তীকালীন জামিনে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময়ের মাঝে বারবার রিমান্ড ও জামিন আবেদন খারিজ নিয়ে আইনি বিতর্ক দেখা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button