শিক্ষাশিরোনাম

মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার পর শিক্ষার্থীদের দেওয়া ১০ দফা দাবির অধিকাংশ পূরণ হওয়ায় বুধবার (১৬ অক্টোবর) থেকে মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তবে হত্যার অভিযোগপত্র দাখিলের পর আসামিদের স্থায়ীভাবে বহিষ্কারের আগ পর্যন্ত কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বুয়েট ক্যাম্পাসে সাংবাদিকদের এ তথ্য জানান আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা।
তারা জানান, অধিকাংশ দাবি পূরণ হওয়ায় বুধবার থেকে মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টানা হলেও বুয়েটের কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না শিক্ষার্থীরা। চার্জশিটের পর আসামিদের বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার আগ পর্যন্ত তারা একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না।
শিক্ষার্থীরা বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১০ দাবি তুলে ধরেছিলাম। এসব দাবির অধিকাংশই পূরণ হয়েছে বলে আমাদের কাছে নোটিশ এসেছে। তবে এখনও বেশকিছু দাবি পূরণের অপেক্ষায় আছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করবো। খুনিদের এখনও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়নি। এখনও মামলার তদন্ত চলছে, ফলে চার্জশিট তৈরি হয়নি। মাঠের আন্দোলন আজ থেকে বন্ধ থাকবে। তবে আবরার হত্যার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা একটি গণসফর কর্মসূচি পালন করবে।
বুয়েট শিক্ষার্থীরা বলেন, বাইরে অনেকেই আবরার হত্যা নিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আন্দোলন ভিন্নভাবে প্রবাহের সুযোগ আমরা দিতে চাই না। এসব নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button