
বাড়ি ভাড়া না পেয়ে ভাড়াটিয়াদেরকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে পুরান ঢাকার এক বাড়িওয়ালা। এ ঘটনায় আহত হয়েছেন মো. হান্নান (৫০) ও তার দুই ছেলে আল আমিন (২৪) ও সাইদুল ইসলাম (২০) নামে তিনজন ভাড়াটিয়া। মঙ্গলবার (১৯ মে) বিকেল তিনটার দিকে ঘটে এ ঘটনা। খবর পেয়ে পুলিশ বাড়ির মালিক রাজু আহমেদ (৪২) ও তার ভাতিজা মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে পিটিয়ে বের করে দেয়া ভাড়াটিয়াদেরকে বাড়ি থাকার ব্যবস্থা করেছে। এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। মামলা নং ৬।
হামলার শিকার ভাড়াটিয়া মো. হান্নান বলেন, আমি ভ্যানে করে পিঠা বিক্রি করি। সামান্য এ পিঠা বিক্রি করেই সংসার চালায় এবং বাড়ি ভাড়া দিই। প্রায় পাঁচ বছর ধরে পুরান ঢাকার হোসাইনী দালানের ১৬ নম্বর বাড়ির নিচ তলায় ১২ হাজার টাকা ভাড়ায় থাকি। কিন্তু করোনার কারণে গত তিনমাস ব্যবসার অবস্থা খুবই নাজুক। তাই গত তিন মাস ভাড়া দিতে পারিনি।
তিনি বলেন, মঙ্গলবার বিকেল তিনটার দিকে বাড়িওয়ালা রাজু আমাকে বাসার নিচে পেয়ে ভাড়া চাইলো। তখন আমি বললাম, আর কিছু দিন পর দিবো। এখন তো ব্যবসার অবস্থা ভালো না। এ কথা বলায় তিনি ক্ষিপ্ত হন আমার উপর। তখন আমি তাকে বলি আপনার কাছে তো আমার ৪০ হাজার টাকা এডভান্সড (অগ্রিম) দেয়া আছে। আপাদত সেখান থেকে কেটে নেন। পরে আবার সেটা পূরণ করে দিবো। এ কথা বলার পর বাড়িওয়ালা আমাকে নানা গাল মন্দ করতে করতে ধাক্কা দিতে থাকে। প্রতিবাদ করায় একপর্যায় আমাকে মারধর করতে থাকে। পরে আমার ছেলেরা দৌড়ে আসলে আমার দুই ছেলেকেও তার ভাতিজা সোহানসহ পেটাতে থাকে। পরে আশপাশের লোকজনের সাহায্যে রক্ষা পায়। এরপর আশপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমি এবং আমার ছেলে সাইদুলের শরীর বিভিন্ন জায়গায় জখম পেলেও আমার ছেলে আল আমিনের মাথায় তিন সেলাই দিয়েছে ডাক্তার। তার অবস্থা খুব খারাপ। তিনি এ ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে চকবাজার জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) মো. ইলিয়াছ হোসাইন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গিয়ে দেখি বাড়িওয়ালা ভাড়ার জন্য ভাড়াটিয়াদেরকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় এবং অভিযুক্ত বাড়িওয়ালা ও তার ভাতিজাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। বুধবার গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে পাঠানো হবে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বার বার অনুরোধ করছেন বাড়িওয়ালাদের প্রতি করোনার কালে যাতে একটু বিনয়ী হয়। ভাড়ার জন্য যাতে ভাড়াটিয়াদের সাথে দুর্ব্যবহার না করা হয়। কিন্তু এ ঘটনায় বিস্মিত হলাম। দুঃখ হয় এ ভেবে যে, যাদেরকে পিটিয়ে বের করে দিয়েছিল তারা ৪০ হাজার টাকা মানে তিন মাসের বেশি ভাড়ার টাকা অগ্রিম দিয়ে রেখেছেন। তবুও এমনটা করল। আমি মনে করি বাকি বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের দুঃখ বুঝবেন।
পূর্বপশ্চিম




