খেলা

ভালো খেলার আশা নিয়ে ঢাকা ছাড়লেন মাশরাফিরা

মাশরাফি-সাকিবের সফরসঙ্গী হয়েছেন নাসির হোসেন ও সাইফউদ্দিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ টেস্ট দল। শুক্রবার থেকে শুরু হয়ে গেছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। সিরিজ নির্ধারণী এই ম্যাচ শেষে চার দিনের বিরতি দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। আর এ সিরিজে অংশ নিতে আজ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন মাশরাফি-সাকিবরা। তাদের সফরসঙ্গী হয়েছেন নাসির হোসেন ও সাইফউদ্দিন।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে প্রথমে দুবাই যাবেন তারা। এরপর দুবাই থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছাবেন। ৮ অক্টোবর দলের সাথে যোগ দেবেন।
এদিকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে ওয়ানডে সিরিজ নিয়ে মাশরাফি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সব সময়ই কঠিন। চ্যাম্পিয়ন্স ট্রফির চেয়েও কঠিন। তবে ওয়ানডেতে বাংলাদেশ এখন সমীহ করার মত দল। আশা করছি আমরা ভালো খেলবো।
আগামী ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সীমিত ওভারের ক্রিকেটের যাত্রা। ১৫ অক্টোবর কিম্বার্লিতে হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে হবে পার্লে ১৮ অক্টোবর। ২২ অক্টোবর ইস্ট লন্ডনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৩ অক্টোবর সিরিজ শেষ করে ঢাকায় ফিরবেন ম্যাশ।
এর তিনদিন পর থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর প্রথম টি-টোয়েন্টি হবে ব্লুমফন্টেইনে ২৬ অক্টোবর। ২৯ অক্টোবর পচেফস্ট্রুমে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে টাইগারদের মিশন।
এদিকে ওয়ানডে দলের এ চার ক্রিকেটারদের ঢাকা ছাড়ার কথা ছিল ৯ অক্টোবর। কিন্তু পৌঁছানোর পর কন্ডিশন বোঝার আগেই ১২ তারিখ ম্যাচ খেলতে নেমে যাওয়া কঠিন হওয়ায় দুই দিন আগেই যাত্রা করলেন তারা।
এবি ডি-ভিলিয়ার্স, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিসদের নিয়ে স্বাগতিকদের গড়া শক্তিশালী ওয়ানডে দলের মোকাবেলা করার জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সীমিত ওভারের আসন্ন এই সিরিজের দলে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর ফিরিয়ে আনা হয়েছে মুমিনুল হককে। তাছাড়া প্রায় দুই বছর পর ডাক পেয়েছেন উইকেটরক্ষক -ব্যাটসম্যান লিটন দাসও।
বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button