ব্রেক্সিট বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যে কোন প্রভাব ফেলবা না-যুক্তরাজ্য প্রতিনিধিদল

আঙ্কটার্ডে অংশ নিতে নাইরোবি সফররত যুক্তরাজ্য প্রতিনিধি দলের প্রধান ম্যাথিউস বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বৃটেনের বেরিয়ে যাওয়ার বিষয়টি যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্যের ওপর প্রভাব ফেলবে না।
আজ এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইরোবিতে ইউনাইটেড নেশন্স কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট (আঙ্কটার্ড ১৪)-এর অধিবেশনের ফাঁকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদকে ম্যাথিউস বলেন, ‘বাংলাদেশ যুক্তরাজ্যের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যবসায়ী অংশীদার। সুতরাং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ ভবিষ্যতে যথারীতি ইইউ কালের মতোই থাকবে।
তিনি বলেন, ‘ইইউ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদনের পর দু’বছর বৃটেন স্বল্পোন্নত দেশগুলোকে বাণিজ্য সুবিধা প্রদানের কাজ অব্যাহত রাখবে এবং ব্রেক্সিটের পর বৃটিশ নীতির পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ও যুক্তরাজ্য প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাসস




