বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ

বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ চলে এলো বাংলাদেশের বাজারেও। আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে ল্যাপটপটির উদ্বোধন করা হয়। হিউলেট প্যাকার্ডের (এইচপি) তৈরি ল্যাপটপটির পুরুত্ব মাত্র ১০ দশমিক ৪ মিলিমিটার।
এইচপি দাবি করছে, তাদের ল্যাপটপটির চেয়ে পাতলা আর কোনো ল্যাপটপ নেই বিশ্বে। এইচপি স্পেক্টর মডেলের এই ল্যাপটপটির দাম এক লাখ ৪৯ হাজার টাকা।
এইচপি স্পেক্টরের সঙ্গে আরো চারটি ল্যাপটপ বাংলাদেশের বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। প্রতিটি ল্যাপটপেই উইন্ডোজের সর্বশেষ অরিজিনাল সংস্করণ আগে থেকেই সেটআপ করা আছে বলে জানিয়েছে এইচপি।
স্পেক্টরের মূল কাঠামো তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। এর নিচের অংশের উপাদান কার্বন ফাইবার। মূলত এই সব উপাদানের কারণেই অত্যন্ত পাতলা করে তৈরি করা সম্ভব হয়েছে।
এইচপি স্পেক্টরের পর্দার আকার ১৩.৩ ইঞ্চি। ১ দশমিক ১১ কিলোগ্রাম ওজনের ল্যাপটপটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেটিতে স্পেক্টর নয় ঘণ্টার বেশি সময় সচল থাকবে। এর প্রসেসর ইন্টেলের শেষ প্রজন্মের কোর আই সিক্স বা সেভেন, দুটি সংস্করণেই পাওয়া যাবে। এর র্যাম আট জিবি। আর মূল মেমোরি বা হার্ডডিস্ক এসএসডি প্রযুক্তির ৫১২ গিগাবাইট। যা সাধারণ এইচডিডি হার্ডডিস্কের তুলনায় বেশি দ্রুততায় কাজ করতে সক্ষম।
এইচপি জানিয়ে, ২২ আগস্ট থেকেই বাংলাদেশের বাজারে এইচপির অনুমোদিত পরিবেশক এবং ল্যাপটপ বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে স্পেক্টর পাওয়া যাবে।




