‘বলিউড এক দশক আগেই আমাকে আইসোলেশনে পাঠিয়েছে’

গত ফেব্রুয়ারিতে লন্ডন থেকে ভারতে ফিরেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিন্তু করোনার কারণে ঘরে বসেই কাটাতে হচ্ছে ‘আশিক বানায়া আপনে’ ছবির নায়িকা তনুশ্রীকে। তবে হোম কোয়ারেনটাইন নিয়ে চিন্তিত নন তনুশ্রী। তিনি বলেন, ‘এই জীবনের সঙ্গে তো অনেক দিন ধরেই অভ্যস্ত আমি। বলিউড থেকে প্রায় এক দশক আগে হারিয়ে যাওয়া তনুশ্রীর কাছে এই নিরাপত্তাহীনতা, আইসোলেশন তো নতুন কিছু নয়। না, দম বন্ধ হয়ে আসছে না আমার। বেশ ভালোই লাগছে।’
এই দেশেরই এক পাহাড় ঘেরা জায়গায় নিজের বাংলোতে দিন কাটছে তার। চারদিকে পাহাড় ঘেরা। সংক্রমণ ঠেকাতে কী করছেন? ‘হাত ধুচ্ছি বারবার। যা যা, নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। এই টুকুই।’
২০০০-এর শুরুতে তনুশ্রী এবং ইমরান হাসমির জুটি সুপারহিট হয়েছিল। কিন্তু তিন-চারটি ছবি করার পরেই ক্রমশ বলিউড থেকে হারিয়ে যেতে থাকেন তিনি। বেশ কয়েক বছর পর নানা পাটেকরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে আবার শিরোনামে আসেন তিনি।




