sliderস্থানিয়

ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

শফিকুল ইসলাম ‍সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও ১০ মাসের মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর)দুপুরের দিকে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন সোনিয়া বেগম ও তার ১০ মাসের শিশু কন্যা জান্নাত। তাদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল কারাগারের কারারক্ষী আবুল হোসেন সাত দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন। শনিবার সকালে ছুটি শেষে স্ত্রী সোনিয়া ও ১০ মাসের মেয়ে জান্নাতকে মোটরসাইকেলে নিয়ে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন তিনি।
পথে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে উল্টো পথে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সোনিয়া ও শিশু জান্নাত সড়কে ছিটকে পড়েন। পরে দ্রুতগতির বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button