বিনোদনশিরোনাম

ডিভোর্সের আগের রাতে কী ঘটেছিল, জানালেন মালাইকা

আরবাজ খান ও মালাইকা অরোরা যখন ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছিলেন, যেন বিনামেঘে বজ্রপাত হয়েছিল বি-টাউনে। ২০১৭ সালে আলাদা হয়ে যান তাঁরা।
এরই মধ্যে জল গড়িয়েছে অনেক। মালাইকা-আরবাজের ঘরে রয়েছে ১৬ বছরের ছেলেসন্তান আরহান। বিবাহবিচ্ছেদের পরেও বন্ধুত্ব বজায় রেখেছেন তাঁরা। খান পরিবারের প্রায় সব অনুষ্ঠানেই হাজির হন ‘ছাইয়া ছাইয়া’ কন্যা।
সম্প্রতি কারিনা কাপুর খানের রেডিও শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এ অতিথি হয়েছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মালাইকা অরোরা, সেখানে ডিভোর্স প্রসঙ্গে মনখোলা বক্তব্য দেন তিনি। মালাইকা বলেন, যখন বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, তাঁরা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।
“আমি মনে করি, সবার আগে এসব বন্ধ করা জরুরি। কেউ আপনাকে বলবে না, ‘হ্যাঁ, হ্যাঁ, যাও প্লিজ, করো গে।’ প্রথম যেটা হয়, আপনার সিদ্ধান্ত সমাজ নিয়ে ফেলে। আমাকেও এর ভেতর দিয়ে যেতে হয়েছে,” বলেন মালাইকা।
ডিভোর্সের সিদ্ধান্তের কথা শোনার পর মালাইকার পরিবারও তাঁকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়। “এমনকি ডিভোর্সের আগের রাতেও, পরিবারের লোকজন আমার সঙ্গে বসে এবং ফের জিজ্ঞেস করে, ‘তুমি কি নিশ্চিত? তোমার সিদ্ধান্ত কি হানড্রেড পারসেন্ট?’ আর এ ধরনের কথাই আমাকে শুনতে হয়েছিল। যেসব মানুষ খুব চিন্তিত ও যত্নশীল, তারা নিশ্চিত এসব বলবে,” বলেন মালাইকা।
যা হোক, মালাইকার বন্ধু ও পরিবারের সদস্যরা একদিন উপলব্ধি করেন, আরবাজের সঙ্গে বিবাহিত জীবন শেষ করতে চান তিনি। তাঁরা মালাইকার পক্ষে দাঁড়ান। “সবাই বলতে লাগল, ‘এই সিদ্ধান্ত তোমার আর আমরা তোমার জন্য গর্বিত, তুমি শক্তিময়ী নারী।’ ওই ধরনের মন্তব্য আমাকে অতিরিক্ত শক্তি জুগিয়েছে, যা আমার দরকার ছিল,” বলেন এ অভিনেত্রী।
ডিভোর্সের পর ৪৫ বছরের মালাইকা তাঁর ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছেন। বি-টাউনে গুঞ্জন, ৩৩ বছরের অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের পরবর্তী ধাপে যেতে চাইছেন মালাইকা এবং শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button