
রতন রায়হান, রংপুর: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রংপুর জেলা শাখার আওতাধীন বদরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। আগামী এক (১) বছরের জন্য এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে রংপুর জেলা ছাত্র অধিকার পরিষদ। নবগঠিত কমিটিতে নূর আহমেদকে সভাপতি এবং ইউনুস আলীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রংপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিবুল ইসলাম বাপ্পি এবং সাধারণ সম্পাদক শাকিল হাসানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে বদরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে আসা একঝাঁক মেধাবী, ত্যাগী ও সক্রিয় ছাত্রনেতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিবুল হাসান সাকিল, সহ-সভাপতি হিসেবে আসিফ ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আবু রায়হান।
এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে আরাফাত মুন্না, অর্থ সম্পাদক খালিদ হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পিয়ার মামুন পলাশ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক ইয়াসমিন ইসলাম এবং সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, শিক্ষা ও পাঠচক্র, আইন এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকসহ মোট ৮৮ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যা বদরগঞ্জ উপজেলায় সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন নেতৃবৃন্দ।
কমিটি অনুমোদনকালে রংপুর জেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, বদরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের এই নতুন নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান বৈষম্য, শিক্ষার মানের অবনতি, নিরাপদ ক্যাম্পাস এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে সংগঠনটি সোচ্চার অবস্থান নেবে।
নবনির্বাচিত সভাপতি নূর আহমেদ বলেন, “ছাত্র অধিকার পরিষদ কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি করে না। আমরা শিক্ষার্থীদের শিক্ষা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে থেকেছি, আগামীতেও থাকব। বদরগঞ্জ উপজেলায় একটি আদর্শিক, মানবিক ও অধিকারভিত্তিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী বলেন, শিক্ষার্থীদের ওপর অন্যায়-নিপীড়ন, সেশনজট, শিক্ষা বাণিজ্য ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বদরগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের শক্ত অবস্থান গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করব।
রংপুর বিভাগীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির বলেন, ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার রাজনীতি করে আসছে। বদরগঞ্জ উপজেলা কমিটিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সবাই পরীক্ষিত, সাহসী ও ত্যাগী কর্মী।
তিনি আরও বলেন, এই কমিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং ছাত্র অধিকার পরিষদের আদর্শ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত এই কমিটি বদরগঞ্জ উপজেলায় ছাত্র সমাজের অধিকার আন্দোলনকে আরও বেগবান করবে এবং একটি সুস্থ, গণতান্ত্রিক ও আদর্শিক ছাত্র রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করবে।




