বগুড়ায় শিশুসহ আরও ৮৮ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় শিশুসহ ৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়াও আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
সোমবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।
এই নমুনার ফলাফলে ৫১জন পজিটিভ হিসেবে শনাক্ত হন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৭জন। এ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাপ্ত ফলাফলে মোট আক্রান্ত ৮৮জন। এর মধ্যে ৪জন শিশু রয়েছে।
এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৩ মে ভর্তি করোনায় আক্রান্ত সোনাতলার এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত ৮ জনের মৃত্যু হলো
গত ২৪ ঘণ্টায় উপজেলা ভিত্তিক আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৭৩ জন, শাজাহানপুরে ৭ জন, নন্দীগ্রামে ৩ জন, গাবতলীতে ৩ জন ও আদমদীঘিতে ২ জন রয়েছেন।
এ পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৮জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭২ জন।




