আন্তর্জাতিক সংবাদ

ফিলিস্তিনি ঘুড়ির কাছে আমরা পরাজিত হয়েছি: ইসরাইলের লেবার পার্টি

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ঘুড়ির কাছে পরাজিত হয়েছে বলে স্বীকার করেছেন লেবার পার্টির প্রধান এভি গ্যাবি। তিনি বলেছেন, উন্নত সমরাস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও ঘুড়ি মোকাবেলা করতে পারছে না সরকার ও সামরিক বাহিনী। তিনি এটাকে ইসরাইলের জন্য বড় পরাজয় বলে অভিহিত করেছেন।
এর আগেও ইসরাইলি গণমাধ্যমের খবরে স্বীকার করা হয়েছে, গাজা থেকে উড়ে যাওয়া ঘুড়ির সামনে অসহায় হয়ে পড়েছে ইহুদিবাদীরা। ঘুড়ি মোকাবেলায় বিশেষ ড্রোন তৈরি করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না তারা।
ইসরাইলের রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে উড়ে আসা শত শত ঘুড়ি ধ্বংস করা যাচ্ছে না। ইসরাইলি ড্রোনগুলো আকাশেই ঘুড়িগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সব ঘুড়ি ধ্বংস করা সম্ভব হচ্ছে না। কারণ উড়ে আসা ঘুড়ির সংখ্যা অনেক।
গাজার নিরস্ত্র ফিলিস্তিনিরা নিজ ভূমিতে প্রত্যাবর্তনের অধিকারের দাবিতে গত ৩০ মার্চ থেকে বিক্ষোভ করে আসছেন। এর পাশাপাশি গাজাবাসীরা ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। ঘুড়ির লম্বা লেজে আগুন ধরিয়ে দিচ্ছেন ফিলিস্তিনিরা। এসব ঘুড়ি কখনো কখনো সীমান্ত দেওয়ালের ওপারে ইসরাইল অধিকৃত এলাকায় গিয়ে পড়ে।
গত ৩০ জুন থেকে শুরু হওয়া ইসরাইলবিরোধী বিক্ষোভে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১২০ জনের বেশি ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button