বিনোদন

প্রয়াত নায়করাজ রাজ্জাকের কুলখানি অনুষ্ঠিত

বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ ও কিংবদন্তি অভিনেতা প্রয়াত নায়করাজ রাজ্জাকের কুলখানি আজ বিকেলে গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
নায়করাজের ছোট ছেলে নায়ক খালিদ হোসেন সম্রাট বাসস’কে জানান, বাদ আছর গুলশান আজাদ মসজিদে এ দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়। এতে তার বাবার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও মোনাজাত করা হয়।
তিনি বলেন, কুলখানি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তার পরিবারের সদস্যবৃন্দ, চলচ্চিত্রাঙ্গনের শিল্পী-কলাকুশলীগণ এবং তার পিতার ভক্ত-শুভানুধ্যায়ীসহ প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেন।
সম্রাট বলেন, চলচ্চিত্রাঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে নায়ক আলমগীর, নায়ক শাকিব খান, ওমর সানী, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, জায়েদ খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, আমরা সৌভাগ্যবান যে, বাবার কুলখানি, জানাজা, নাগরিক শ্রদ্ধাসহ সব অনুষ্ঠানেই হাজার হাজার মানুষ ও তার ভক্ত-অনুরাগীগণ অংশ নিয়েছেন এবং বাবার জন্য দোয়া করেছেন। এ জন্য তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে কৃতজ্ঞ বলেও জানান।
মিশা সওদাগর বাসস’কে বলেন, আগামীকাল এ মহানায়কের স্মরণে বিএফডিসিতে সকাল ১০টা থেকে দিনব্যাপী আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হবে।
নায়করাজ রাজ্জাক গত সোমবার কার্ডিয়াক এ্যাটাকে আক্রান্ত হয়ে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাকে বুধবার সকাল সোয়া ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button