Uncategorized

পূনর্ভবা নদীর পানি বৃদ্ধি : নওগাঁর পোরশার নিম্নাঞ্চল প্লাবিত

প্রবল বর্ষণে পূনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গত দু’দিনে নওগাঁর পোরশার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নিতপুর ইউনিয়নের জেলেপাড়ার কমপক্ষে ১৯টি বাড়িতে পানি প্রবেশ করেছে। এসব বাড়িতে বসবাসরত পরিবারের লোকজন স্থানীয় নিতপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। তলিয়ে গেছে প্রায় ২০ হেক্টর (প্রায় ১৫০বিঘা) আউশ ধান। প্লাবিত এলাকা পরিদর্শন করে এসে পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তারা জানান, প্রবল বৃষ্টির কারণে নিতপুর ইউনিয়নের জেলেপাড়ার ১৯টি বাড়িতে পানি প্রবেশ করেছে এবং ১৪০ বিঘা জমির আউশ ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ৫ হেক্টর জমির আউশ ধান একেবারে নষ্ট হয়ে যাবে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন।
এছাড়াও মশিদপুর ইউনিয়ন সহ বেশ কিছু এলাকায় বৃষ্টির পানিতে সদ্য লাগানো আমন ধান ডুবে গেছে। বৃষ্টি না হলে হয়তো আজকের মধ্যে জমির পানি মূল নদীতে নেমে যাবে। তবে আরো বৃষ্টি হলে পানি বৃদ্ধি পেলে ফসলি জমি সহ আরো বাড়ি তলিয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং প্রশাসনিকভাবে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে ও বন্যা কবলিত লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়া হয়েছে বলে তারা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button