জাতীয়শিরোনাম

পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণ শুরু

পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন অপসারণ কাজ শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন। শনিবার দুপুরে চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টের কেমিক্যাল অপসারণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। যতোক্ষণ পর্যন্ত পুরান ঢাকার সব কেমিক্যাল গোডাউন স্থানান্তর না হবে ততোক্ষণ এ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
চকবাজার ওয়াহেদ ম্যানশনের সামনে সাঈদ খোকন বলেন, কেমিক্যাল গোডাউন অপসারণ কার্যক্রম ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে কেমিক্যাল গোডাউন উচ্ছেদের মধ্য দিয়ে শুরু হলো। অগ্নিকাণ্ডের কয়েকদিন আগে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর দু’দিন পরই এতো বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আজ থেকে ওয়াহেদ ম্যানশন দিয়ে এই অপসারণ কাজ শুরু হলো।
এসময় বাড়ির মালিকরা ব্যক্তিগত উদ্যোগে কেমিক্যাল গোডাউন অপসারণের উদ্যোগ না নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মেয়র বলেন, আমরা সবার সহযোগিতা চাচ্ছি। আশা করবো স্থানীয়রা আমাদের সহায়তা করবেন। পার্শ্ববর্তী কোনো বাড়িতে কেমিক্যাল গোডাউন দেখতে পেলে আমাদের জানাবেন, পুলিশকে জানাবেন। যদি কোনো বাড়িতে কেমিক্যাল গোডাউন থাকে এবং মালিক যদি সেই গোডাউন অপসারণের উদ্যোগ না নেন তাহলে আমরা মালিককে আইনের আওতায় নিয়ে আসবো। তাই বলবো, যার বাড়িতে কেমিক্যাল গোডাউন রয়েছে আপনি এটা সরিয়ে নিন।
প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হন। আহতদের মধ্যে অনেককে ঢামেক হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button