শিক্ষা

পাবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শনিবার বেলা ১০টা থেকে দফায় দফায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতরা পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড ও সামাজিক অনুষদ বিভাগের ডিন পদ থেকে ড. আব্দুল আলীমকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে কর্মকর্তা-কর্মচারী সমিতি।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার ছিল পাবিপ্রবির প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা। পরীক্ষার ডিউটির সময়ে পাবিপ্রবির সামাজিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আব্দুল আলীমের সাথে গেটের নিরাপত্তাকর্মীদের বাকবিতাণ্ডার ঘটনা ঘটে। এরপর নিরাপত্তা কর্মীরা সংঘবদ্ধ হয়ে ওইদিন সন্ধ্যায় ক্যাম্পাসে ড. আলীমের উপর হামলা চালিয়ে তাকে মারপিট করে।
এদিকে ঘটনার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থীরা শিক্ষককে মারপিট ও লাঞ্ছিতের খবর জানতে পেরে শনিবার বেলা সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় কয়েকজন শিক্ষকও শিক্ষার্থীদের পাশে অবস্থান নেন। খবর পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা লাঠিসোঠা নিয়ে অবস্থানকারী শিক্ষক-শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয়গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় বলেন, প্রকৃত পক্ষে কে বা কারা দোষী তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button