slider

পত্নীতলায় পুলিশ পরিচয়ে দুই যুবক আটক

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতেই ধরা পড়লেন দুই যুবক। তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পত্নীতলা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওই ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু ইছা মুরাদ (২৮) ও আবু হাসানের ছেলে মো. মিনহাজ (২২)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদসহ কয়েকজন পুলিশ সদস্য বিভিন্ন স্থানে টহল দিচ্ছিলেন। এসময় নেপালপুর এলাকায় ৪ ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলে তাদের সন্দেহ হয়।

পরে তাদের জিজ্ঞাসা করলে গ্রেপ্তার ওই দুই যুবক একটি চার্জারগাড়ি আটকিয়ে পুলিশের এসআই শামীম পরিচয় দিয়ে দুই ব্যক্তিকে মাদক কারবারি বলে তাদের কাছে থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় পুলিশ সদস্যরা তাদের নাম পরিচয় ও কোনো থানায় কর্মরত আছেন জিজ্ঞাসা করলে গড়িমসি শুরু করেন।

পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ সিসি ১টি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী পুলিশ। দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button