নড়াইলে চাল চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সংবাদদাতা, নড়াইল : ১০ টাকা কেজির চাল চুরির অভিযোগে নড়াইলে এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়।
জানা যায়, আসাদুজ্জামান নড়াইল সদরে শাহাবাদ বিষ্ণুপুর এলাকার ডিলার। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার চাঁনপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে ও শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান সোমবার সকাল থেকে ১০টাকা কেজি দরের চাল ৩০ কেজির পরিবর্তে ২৫ কেজি দিয়ে জনপ্রতি পাঁচ কেজি করে আত্মসাৎ করেন। তবে গ্রাহকের কাছ থেকে ৩০ কেজির দাম রাখার অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রোববার ডিওকনফারেন্সে প্রধানমন্ত্রী ত্রাণের চালসহ স্বল্পমূল্যের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করবেন না বলে সবাইকে সর্তক করে দেন। এর আগেও প্রধানমন্ত্রী চাল চোরদের ব্যাপারে কঠোর হুশিয়ারি দেন। তবুও নিয়ম বহির্ভূতভাবে শাহাবাদ ইউনিয়নের ডিলার আসাদুজ্জামান ১০ টাকা কেজির চাল ৩০ কেজির পরিবর্তে জনপ্রতি ২৫ কেজি করে দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, ৩০ কেজি চালের দাম নিয়ে জনপ্রতি চার থেকে পাঁচ কেজি করে কম দেয়ার অপরাধে আসাদুজ্জামান মোল্যাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।




